বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত মাহমুদুন্নবীর সুযোগ্য উত্তরসূরি ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম। তারা তিন ভাইবোন নিজেদের গানের মাধ্যমে বাবার পরম্পরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এই তিন ভাইবোনকে একসঙ্গে খুব একটা কাজ করতে দেখা যায় না সচরাচর। এবার ফাহমিদা নবী সুযোগ পেলেন পর পর তার বাকি দুই ভাইবোনের সঙ্গে কাজ করার। সম্প্রতি এই শিল্পী তার ফেসবুকে ছোট বোন সামিনা চৌধুরীর সঙ্গে একটি স্টুডিওর রেকর্ডিং মুহূর্তের ছবি শেয়ার করেছেন। বিষয়টি নিয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে ফাহমিদা নবী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বরাবরই চাই আমার ছোটবোন সামিনার সঙ্গে গান গাইতে। কিন্তু সেই সুযোগ খুব একটা আসে না। এবার সুযোগ এলো চ্যানেল আইয়ের পক্ষ থেকে। আগামী ১ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের রিয়েলিটি শো বাংলাবিদের গ্র্যান্ড ফিনালেতে আমরা দুই বোন একসঙ্গে পারফরমেন্স করব তিনটি গান। মজার বিষয় হলো, আমি সামিনার সঙ্গে গলা মেলাব তার বিখ্যাত গান কবিতা পড়ার প্রহরে, আর সে আমার সঙ্গে গাইবে আমার জনপ্রিয় গান লুকোচুরি লুকোচুরি গল্প। এরপর দুজন একসঙ্গে গাইব নোঙর তোলো তোলো গানটি। গানগুলোর নতুন করে সংগীতায়োজন করেছেন শান। আমাদের গানের সঙ্গে নৃত্যশিল্পীদের দারুণ কোরিওগ্রাফি থাকবে। আশা করছি দর্শকের এই ভিন্নধর্মী পরিবেশনাটি খুব পছন্দ হবে।’
কাকতালীয় ব্যাপার হলো, ফাহমিদা আর সামিনা একসঙ্গে এর আগে যে ‘চিকিচিতা’ গানের পরিবেশনাটি করেছিলেন সেটিও ছিল চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে। এর আগে তারা একসঙ্গে একটি দেশের গান গেয়েছিলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।
নিজের নতুন কী গান আসতে যাচ্ছে সামনে জানতে চাইলেই উঠে এলো আরেকটি তথ্য। ফাহমিদার নতুন মিউজিক ভিডিও আসছে কদিন পরেই। তার সেই গানের সুর ও সংগীতায়োজন করেছেন তার ছোট ভাই পঞ্চম। গানটি লিখেছেন জামাল হোসেন। প্রকাশিত হবে রঙ্গন মিউজিক থেকে। বিষয়টি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমার সত্যি খুব ভালো লাগছে যে, সামিনার সঙ্গে একটি কাজ হচ্ছে। আর তার পরপরই আমার ভাই পঞ্চমের সঙ্গেও আমার একটি গান পাবেন দর্শক।’ ‘স্মৃতির দরজায়’ গানটি প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এই তো আসছে ২৭ আগস্টেই গানটির মিউজিক ভিডিওর শুটিং করব। গানটির কথা এত সুন্দর লিখেছেন জামাল ভাই, কী বলব! স্মৃতির দরজায় অসময় কে এসে দাঁড়ায়, কড়া নাড়ে বারবার, লাগাইনি অর্গল এমন কথার গানটি শুনে আমার এত ভালো লেগেছে যে কণ্ঠস্থ করার জন্য তর সইছিল না। এই যে ‘লাগাইনি অর্গল’ কথাটা, এমন শব্দ তো আজকাল গানে শোনাই যায় না। আমি গীতিকার জামাল ভাইকেও বলেছি, অসাধারণ লিখেছেন, যেন কবিতা! গানটি একটু ব্যান্ড স্টাইলে সুর ও কম্পোজ করেছে পঞ্চম। এক কথায় অসাধারণ হয়েছে। আমি তো গানটি নিয়ে খুবই আশাবাদী। দেখা যাক, মুক্তির পর দর্শকের ফিডব্যক কেমন আসে।’
প্রসঙ্গত, শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ রিয়েলিটি শোর আয়োজন করে আসছে চ্যানেল আই। ৫ম বর্ষের মহোৎসব হবে আগামী ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া যাবে সেরা বাংলাবিদকে। যিনি পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ পাবেন তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন পাবেন একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই ও আলমারি। এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার। এছাড়াও বিভিন্ন সময়ে অতিথি বিচারক হিসেবে খ্যাতিমানরা উপস্থিত ছিলেন।
