বাংলাদেশে চ্যালেঞ্জ নিতে উন্মুখ ইয়ান বেল

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০১:৫১ এএম

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলতে আসবে নিউজিল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর সিলেটে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুটি সফরের কোনোটিতেই থাকবেন না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তার জায়গায় সিরিজ দুটিতে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন লুক রনকি।

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। আর টেস্ট সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে আসবেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক। নতুন দায়িত্ব পাওয়া কোচদের মধ্যে বেল বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা কেমন করতে পারেন, সে প্রসঙ্গে কথা বলেছেন, ‘এখন অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। দ্য হানড্রেডে দেখুন, স্পিনিং উইকেটে সেঞ্চুরি করছে, এমন খেলোয়াড়ও পাচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বমানের একাধিক খেলোয়াড় আছে দলে। বাংলাদেশের মাটিতে যে সিরিজটা আছে, সেটার জন্য আমি উন্মুখ হয়ে আছি। কারণ, ওই সময় নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড় সম্পর্কে আরও কাছে থেকে ধারণা পাব।’

বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট খেলেছেন বেল। ১৩০.৫০ গড়ে করেছেন ২৬১ রান। সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৮। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালো জানা আছে তার। তার অভিজ্ঞতা থেকে কিউই ব্যাটসম্যানদের শেখাতে চান বেল, ‘কোচ হিসেবে আমি জানি সিনিয়র খেলোয়াড়েরা কী করবে। কিন্তু তরুণদের এমন কন্ডিশনে কী করতে হবে, আমি তা দেখিয়ে দিতে চাই। এই ধরনের চ্যালেঞ্জের জন্য আমি উন্মুখ। বিশেষ করে তরুণদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত