আঞ্চলিক খাদ্য নিরাপত্তার হুমকি বাড়াচ্ছে চাল বাণিজ্য

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩৩ পিএম

মিয়ানমারের চাল রপ্তানিতে কঠোরতার পাশাপাশি এবার সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গত শুক্রবার এ শুল্কারোপের পর জানানো হয়েছে, এ সিদ্ধান্ত আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ দুই দেশের চাল রপ্তানিতে কঠোর সিদ্ধান্তের পর আঞ্চলিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, রপ্তানির উদ্দেশ্যে যেসব সেদ্ধ চাল ইতিমধ্যে শুল্কায়নের জন্য কোনো ভারতীয় বন্দরে রয়েছে এবং রপ্তানির জন্য ২৫ আগস্টের আগে বৈধ ঋণপত্র খোলা হয়েছে, সেসব চাল নতুন আরোপিত শুল্কের আওতার বাইরে থাকবে। সর্বশেষ এ নিষেধাজ্ঞার মাধ্যমে সব ধরনের অবাসমতী চাল রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করল ভারত।

এর আগে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল মিয়ানমার সরকার। অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের পর মিয়ানমারও চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির রাইস ফেডারেশনের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে বলেছেন, ‘এ মাসের শেষ থেকে ৪৫ দিনের জন্য চাল রপ্তানি আমরা সাময়িকভাবে সীমিত করতে চাই।’ অভ্যন্তরীণ বাজারের চালের দাম চড়তে থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান তিনি।

বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক মিয়ানমার বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে থাকে। বাসমতি নয়- এমন চাল রপ্তানিতে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত, তাতে বিশ্ববাজারে চাল সরবরাহ কমেছে এক কোটি টন বা ২০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত