অতি বাণিজ্যিক আচরণে দিশেহারা অভিভাবকরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৩ এএম

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো শিক্ষার্থীদের অভিভাবকদের আবেগকে পুঁজি করে অতি বাণিজ্যিক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা বলছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অতি বাণিজ্যিক আচরণ করছে। তারা দিন দিন টিউশন ফি বাড়িয়ে চলছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আজম খান বলেন, ‘ইংরেজি মাধ্যম স্কুলগুলো দিন দিন টিউশন ফি বাড়িয়েই চলেছে। আদালতের আদেশ এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে নেওয়া হচ্ছে পুনঃভর্তি ফি। শিক্ষকরা স্কুলে না পড়িয়ে তাদের নিজেদের কোচিং সেন্টারে যেতে শিক্ষার্থীদের বাধ্য করছেন। এর ফলে অভিভাবকদের নির্বাহ করতে হচ্ছে স্কুল ফি এবং কোচিং ফি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুল পুনঃভর্তি ফি ১০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। অনেক স্কুলেই আবার লক্ষাধিক টাকা পর্যন্ত টিউশন ফি নেওয়া হচ্ছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোরও টিউশন ফি আট হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত।

সংবাদ সম্মেলন থেকে পাঁচটি দাবি জানানো হয়। সেগুলো হলোÑ পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা এবং মাসিক টিউশন ফি যৌক্তিকীকরণ করা, সরকারি নির্দেশনা মেনে স্কুল পরিচালনা, ম্যানেজিং কমিটিতে দুজন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত, জাতীয় বাজেটে ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থার জন্য বরাদ্দ রাখা এবং সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত