বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীদিনে যে নির্বাচন আসছে সেটা বাধাগ্রস্ত করার জন্য যারা ভূমিকা পালন করবে, তাদের আমেরিকার ভিসা তো বাতিল হবে। ছেলেমেয়ে নিয়ে চলে আসতে হবে। চুরি করে যে বাড়িঘর করেছে সেসব আমেরিকান সরকার নিয়ে নেবে। আর বাংলাদেশের মানুষ যে স্যাংশন দেবে এখান থেকেও কেউ মুক্তি পাবে না।
গতকাল শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
