৯ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া সারা পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৬৩ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৫১, সীতাকুণ্ডে ১৪২, সন্দ্বীপ ও রংপুরে ১০৬, সৈয়দপুরে ৯২, রাজারহাটে ৮৮, চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত