গাজীপুরের শ্রীপুরে জনবহুল সড়কের ফুটপাত ভেঙে দখল করে বাসাবাড়ির পানির পাম্প (সাবমারসিবল) স্থাপন করছিলেন পুলিশের এক সাবেক কর্মকর্তা। পরে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই পানির মোটর (স্থাপন চলমান ছিল) উচ্ছেদ করা হয়েছে। গতকাল রবিবার সকালে মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। তবে এ অপরাধের সঙ্গে জড়িত কাউকে শাস্তির আওতায় আনা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের ফুটপাত ভেঙে সেখানে বাসাবাড়ির ব্যক্তিগত পানির পাম্প স্থাপন করছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি আবদুল কাদির। এতে এ পথে চলাচলকারীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট ও মন্তব্য বাড়তে থাকলে তা প্রশাসনের নজর পড়ে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বরিং করা পাইপলাইন বন্ধ করে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা (সাবেক) আবদুল কাদির জানান, ভবনের অবশিষ্ট নিজস্ব কোনো জায়গা না থাকায় এ ফুটপাতে বরিং করছিলাম।
