সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে সাদা পাথর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় (২১) ঢাকার মগবাজারের বাসিন্দা ছিলেন; তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার গোবিনাথপুরে।
কোম্পানিগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, জয় তার তিন বন্ধুর সঙ্গে সিলেটে বেড়াতে আসেন। দুপুরে তিনি বন্ধুদের সঙ্গে সাদা পাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় প্রচণ্ড স্রোতে তিনি স্থির থাকতে পারেননি; মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান। তখন সেখানে উপস্থিত ও সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। সঙ্গে সঙ্গে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
