কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানার পুলিশ। ওই শিক্ষকের নাম মো. আবদুল্লাহ (৪০)। তিনি সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাপুর ইউনিয়নের সিংহারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীটি (১১) গত বৃহস্পতিবার মাদ্রাসায় পড়তে গেলে আবদুল্লাহ বিভিন্ন অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বাড়িতে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যাপারে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দেন।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, ওই শিক্ষককে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
