ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের আগরতলায় পৌঁছেছে। আগরতলা প্রেস ক্লাবের নিমন্ত্রণে সেখানে গেছে তারা।
এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আজ শনিবার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিদলের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে। এ সময় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব আল-আমিনও উপস্থিত ছিলেন।
এর আগে আখাউড়া রেলস্টেশনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিদলকে স্বাগত জানান আখাউড়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। ৪ সেপ্টেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
