দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র্যালি বের করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। র্যালিপূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। নিজের ভোট নিজে দিতে চায়। এই সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাতে বাধ্য হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।’
গতকাল বিকেলে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে এ সমাবেশ হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন।
মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় উল্লেখ করে নোমান বলেন, ‘মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না। মানুষ অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কাছে চায়। আজকে মানুষ চায় আমার ভোট আমি দেব, আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব। এখানে অমুককে দেব, তমুককে দেব বলে কোনো কথা নেই।’
পরে বর্ণাঢ্য র্যালিটি কাজীর দেউড়ির নুর আহমেদ সড়ক থেকে শুরু হয়ে লাভলেইন, জুবিলী রোড হয়ে তিন পুলের মাথায় গিয়ে শেষ হয়।
