বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ৪ মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ এএম

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ককটেল উদ্ধারের পৃথক ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা, পূর্বধলা ও মদন থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় আরও একটি মামলা হয়েছে। এ চারটি মামলায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুরের মধ্যে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করা হয়।

গতকাল দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান তিন থানায় তিনটি পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মামলায় ৪৫ জনের নাম উল্লেখ এবং ৪৫০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. আবুল কালাম বলেন, মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০-২৫০ জন।

এদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুসহ ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে থানার এসআই কাজল হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন। এ মামলায় ইতিমধ্যে সদর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ৪ এসআইসহ ৬ পুলিশ আহত হয়।

ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না।’

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত