সিগারেট চেয়ে না পেয়ে ছুরি মেরে যুবককে হত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মহল্লার বড় ভাইয়ের কাছে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম (৪৩) নামের এক যুবক মারা গেছেন। গতকাল শনিবার ভোরে সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ হত্যাকাণ্ডে অভিযুক্ত তরুণ হোসাইন কবিরকে (২৭) স্থানীয়দের সহায়তায় লাফার্জ সিমেন্ট কারখানার পাশ থেকে সকাল ১০টার দিকে আটক করেছে। কবির ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

ছুরিকাঘাতে নিহত মোজান্মেল হোসেন মাসুম পৌরসভার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের ছেলে। মাসুম পরিবারের সঙ্গে বাগবাড়ী এলাকায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন কবির। মাসুম সিগারেট না দিয়ে তাকে চড় মারেন। একপর্যায়ে মাসুম কবিরকে চাকু দিয়ে হামলা করতে উদ্যত হলে কবির মাসুমের কাছ থেকে চাকু ছিনিয়ে নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির হোসাইনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত