‘পাহাড়ি’ বলে অপহরণ, ঢাবি শিক্ষার্থী ৬ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী দিপিতা চাকমাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সন্ধ্যায় অপহরণের ছয় ঘণ্টা পর তাকে অক্ষত উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমির সঙ্গে বিভাগের ৩৪ জন শিক্ষার্থী রওনা দেন। দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই পাড়া পর্যটন কেন্দ্রের অদূরে সিজকছড়া জিরো মাইল নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে থামে। তখন ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোনো ‘পাহাড়ি’ শিক্ষার্থী আছে কিনা জানতে চায় এবং খুঁজতে থাকতে। গাড়িতে ‘পাহাড়ি’ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়ে গাড়িতে থাকা দিপিতা চাকমাকে (২৫) অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পরপরই ওই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপহরণের ছয় ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় সাজেক থানার দাঁড়িপাড়া বনেআদম নামক স্থান থেকে দিপিতা চাকমাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সাজেক থানা ও রাঙামাটি জেলা পুলিশের একাধিক টিম সমন্বয় করে অভিযানের মাধ্যমে অপহৃত শিক্ষার্থীকে সুস্থ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত