ভুল প্রশ্নে ১ ঘণ্টা ২০ মিনিট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ এএম

শরীয়তপুরে একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ কেন্দ্রে।

২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ১ ঘণ্টা ২০ মিনিটই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয় ৪২ শিক্ষার্থী। বিষয়টি ধরা পড়ার পর ভুল প্রশ্ন পরিবর্তন করে বাকি সময় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। তবে এজন্য কোনো সময় বাড়ানো হয়নি। অর্ধেকের কম সময়ে সব প্রশ্নের উত্তর লিখতে না পেরে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা করছে পরীক্ষার্থীরা।

ভুক্তভোগীরা নড়িয়া উপজেলার ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি পরীক্ষার আগে উপজেলা প্রশাসন পরীক্ষার্থীদের জন্য দুই সেট প্রশ্ন পাঠায়। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হল সুপারের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানিয়ে দেন কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ওই খুদেবার্তায় দেওয়া সেট নম্বর অনুযায়ী শিক্ষকরা প্রশ্নপত্র সরবরাহ করেন। মঙ্গলবার ইউএনওর পাঠানো বার্তা অনুযায়ী ২ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে ৪ নম্বর সেটের প্রশ্নপত্র শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। আর এ ভুলের বিষয়টি পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা ২০ মিনিট পর শিক্ষকদের নজরে আসে। তখন পরীক্ষার্থীদের ২ নম্বর সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং ওই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা দিতে বলা হয়। ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় পরীক্ষার্থীদের ১ ঘণ্টা ২০ মিনিট সময় অপচয় হয়। কিন্তু পরে আর তা বাড়িয়ে দেওয়া হয়নি। এর ফলে অনেকে ৭০ নম্বরের পুরো উত্তর লিখতে পারেনি। এমনকি ভুলের কথা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা এড়িয়ে যান। বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগকেও জানানো হয়নি।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ঘটনাটি তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের জানান। তখন ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা ওইদিন সন্ধ্যায় শরীয়তপুরের জেলা প্রশাসকের কাছে যান। এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীরা এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত