আগামীকাল শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। তিনি আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে জাতিসংঘের এই সহকারী মহাসচিবের ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করার কথা রয়েছে। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কান্নি উইগনারাজা ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
