আগামী জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে, তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে।’ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার, পিপিএম ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে পুলিশপ্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও গার্ড অব অনার দেওয়া হয়।
