ভাড়ার কথা বলে টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

সাভারের আশুলিয়ায় অন্যের দোকান নিজের দাবি করে ভাড়ার নামে ১ লাখ টাকা অগ্রিম নেওয়ায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. কামাল চৌধুরী (৫৫)। গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে  আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সংলগ্ন সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান ভাড়ার জন্য রাজিব হোসেন নামে একজনের কাছে জামানত হিসেবে অগ্রিম ১ লাখ টাকা নেন কামাল চৌধুরী। পরে রাজিব জানতে পারেন দোকানটি কামালের নয়। দোকানটি কামাল ভাড়া নিয়ে পরিচালনা করত। ঘটনা জানার জামানতের ১ লাখ টাকা ফেরত চাইলে কামাল টাকা না দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হুমকি দেয় রাজিবকে।

র‌্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, কামাল চৌধুরী নামে এক ব্যক্তি দোকান ভাড়া দেওয়ার কথা বলে ১ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি র‌্যাব-৪-এর নজরে এলে অনুসন্ধান শুরু হয়। পরে র‌্যাব-৪-এর একটি দল তথ্যপ্রযুক্তির সাহায্যে আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘কামাল চৌধুরীকে ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত