‘দেশে ফিরেই’ অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার বিমানবন্দর থেকে গাবতলীগামী একটি বাসে তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। ধারণা করা হচ্ছে গতকালই তিনি দেশে ফিরেছেন। তার নাম মো. আসান আলী (৪০)। গতকাল বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আসান আলী কুষ্টিয়ার মিরপুরের  পাহাড়পুর গ্রামের হামাদ আলীর ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বসুমতি পরিবহনের বাসচালক মো. হাসান জানান, গাজীপুর থেকে বাস নিয়ে গাবতলী যাচ্ছিলেন। বিমানবন্দর এলাকা থেকে ওই ব্যক্তি তার বাসে ওঠেন। গাবতলী পৌঁছলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। তখন বাস থেকে নামিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। সঙ্গে একটি পাসপোর্ট ছাড়া কিছুই পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পাকস্থলী ওয়াশ করানোর পর ওই ব্যক্তিকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। সঙ্গে থাকা পাসপোর্ট থেকে নাম-পরিচয় জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আজই (শুক্রবার) দেশে ফিরেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত