মিথ্যা প্রতিবেদনে দুই সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ এএম

সাভারে সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামির করা পাল্টা মামলায় আদালতে ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করে দুই সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ওই দুই সাংবাদিক হলেনÑ দৈনিক আলোকিত বাংলাদেশের সাভার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা। গতকাল শনিবার দুপুরে এমন অভিযোগ এনে সাভারের শিমুলতলা এলাকায় তিতাস কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষও অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত বছরের ১৪ আগস্ট দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানাকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় পুলিশের চার্জশিটভুক্ত প্রধান আসামি সামিউল আলম শামীমের করা পাল্টা মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে ভুক্তভোগী সাংবাদিকসহ তার সহকর্মী জাহিন সিংহকে। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ঘটনার সত্যতা যাচাই না করে সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনা আড়াল করতে আসামির করা মামলাটিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বাদীর অফিস ভাঙচুরের অভিযোগ প্রমাণের কথা বলা হলেও ঘটনার কোনো আলামত, ঘটনাস্থল বা আশপাশের কোনো সিসিটিভি ফুটেজ কিংবা এর সাপেক্ষে একটি প্রমাণও উল্লেখ করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত