আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যোগ দিলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা। দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, আগামী বছরের সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, আমার বিশ্বাস, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে, আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, এবং তিনি যদি তখন ব্রাজিলে আসেন, তখন গ্রেপ্তার করার কোনো আশঙ্কাই নেই।’
ইউক্রেনে যুদ্ধাপরাধ করার অভিযোগে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক মাস পরই এই মন্তব্য করলেন লুলা। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে ইউক্রেনের শত শত শিশুকে রাশিয়ায় সরিয়ে নিয়েছেন।
তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি কিংবা জোর করে ইউক্রেনের কোনো শিশুকেও নিয়ে যায়নি।এরপর থেকেই অবশ্য পুতিন বারবার আন্তর্জাতিক জমায়েত এড়িয়ে যাচ্ছেন। দিল্লির জি-২০ সম্মেলনেও তিনি নিজে না গিয়ে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন।
