ভুল চিকিৎসায় মৃত্যু ধামাচাপায় অর্থসহায়তার প্রস্তাব

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ এএম

চট্টগ্রামের চন্দনাইশে ভুল চিকিৎসায় এমদাদুল ইসলাম মিজবাহ নামে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকালে উপজেলার দোহাজারী ন্যাশনাল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে নিহতের বোনের বিয়েতে অর্থসহায়তা দেওয়ার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিহত মিজবাহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া নতুন পাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে এবং সাতকানিয়ার খাগরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে প্রচন্ড জ্বর নিয়ে মিজবাহকে ওই হাসপাতালে যিশু নামে এক চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়। ভর্তির পর বিভিন্ন টেস্ট করানো হয় এবং চিকিৎসা হিসেবে ইনজেকশন পুশ করা হয়। রবিবার ভোর থেকে মিজবাহর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন অস্থির হয়ে হাসপাতালে ছোটাছুটি করে কোনো ডাক্তার এমনকি কোনো নার্সও পাননি। ভোর থেকে শ্বাসকষ্টে ভুগে সকাল সাড়ে ৯টার দিকে মিজবাহর মৃত্যু হয়।

চাচা মো. ইসমাঈল (৩৭) বলেন, ‘মিজবাহ মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদের অনুরোধ করে এ ব্যাপারে কাউকে না জানানোর জন্য। বিনিময়ে মিজবাহর দুই বোনের বিয়ের সময় আমাদের টাকা দেবে বলেছে। তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি।’ এ বিষয়ে জানতে দোহাজারী ন্যাশনাল হাসপাতালের পরিচালক মো. কাইসার আলমগীরের মোবাইলে কয়েকবার কল করলে তিনি ব্যস্ত আছেন বলে কেটে দেন।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত