জাপানে সহকর্মীর দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম খাইরুল কবির (৩৯) এবং বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে। খাইরুল কবির জাপানের একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে টোকিওর মাসিদাতে থাকতেন।
সংবাদমাধ্যম জাপান টুডে জানায়, গত রবিবার ইয়ামানাশি প্রিফেকচারের নানবু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সহকর্মীসহ ১৯ জনের একটি দলের সঙ্গে সপরিবারে ফুকুশি নদীর তীরে ঘুরতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু বেলা ১১টার দিকে তার এক সহকর্মীর ১১ ও ১২ বছর বয়সী দুই শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে নদীতে নেমে নিখোঁজ হন খাইরুল। এ সময় দেশটির জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ১১৯-এ কল দিয়ে সহায়তা চান ওই দলে থাকা অন্যরা।
পুলিশ জানিয়েছে, দুই শিশুকে উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতে ভেসে যান ওই বাংলাদেশি। পরে বেলা ৩টার দিকে আড়াই মিটার গভীর ওই নদীর তলদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নদীতে পড়ে যাওয়া দুই শিশু সুস্থ আছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
