কাস্টমস গুদামের সোনা চুরি

৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত মোবাইল ফোন ব্যবহারে না

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি সোনা চুরির ঘটনায় দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত সোমবার ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ বিষয়ে বলা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বকালীন অফিশিয়াল ওয়াকিটকি ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে সোনা চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার কাস্টমসের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে ‘বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন শিফটে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছেন। ফলে বিমানবন্দরে আসা যাত্রীদের যাত্রীসেবায় বিঘœ সৃষ্টি হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ অবস্থায় যাত্রীদের নিরবচ্ছিন্ন যাত্রীসেবা দিতে বিভিন্ন শিফটে দায়িত্ব পালনরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের আন্তঃযোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের পরিবর্তে অফিশিয়াল ওয়াকিটকি ব্যবহার করতে বলা হলো।’

চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত : সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউজ কর্তৃপক্ষ। তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ। গতকাল কাস্টম হাউজ কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত