প্রাক-রপ্তানি সহায়ক তহবিল ঋণ পরিশোধে নতুন সুযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ এএম

রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিলের (ইএফপিএফ) আওতায় অর্থ ব্যবস্থাপনা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ইএফপিএফ অর্থ ব্যাংক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক কিংবা পুরো অর্থ পরিশোধ করতে পারবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

সর্বশেষ নির্দেশনার আলোকে প্রাক-অর্থায়ন বাবদ ব্যাংকের ঋণ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত অংশগ্রহণকারী ব্যাংকের চলতি হিসাবে প্রদানের তারিখ থেকে প্রাক অর্থায়নের মেয়াদ শেষে সুদসহ এককালীন কেটে রাখার সুযোগ রাখা হয়েছে। যা প্রজ্ঞাপন জারির তারিখ হতে কার্যকর হবে বলা জানানো হয়েছে।

নবগঠিত রপ্তানি সহায়ক তহবিল থেকে একজন রপ্তানিকারক সব মিলিয়ে সর্বোচ্চ ২০০ কোটি টাকা ঋণ নিতে পারেন। ঋণ নিয়ে রপ্তানি পণ্যের কাঁচামাল সংগ্রহ করার জন্য এ নতুন তহবিল গঠন করা হয়। এ তহবিল থেকে ঋণ দেওয়া হয় দেশি মুদ্রায়। চলতি বছরের জানুয়ারিতে রিজার্ভের ওপর চাপ কমাতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবে স্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো দেড় শতাংশ সুদে ঋণ সুবিধা পেত। এখন সেটা করা হয়েছে ২ শতাংশ। আর গ্রাহক পর্যায়ে সুদের হার সাড়ে তিন শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়।

তহবিলের খাত হিসাবে বলা হয়,  তহবিলের অর্থ রপ্তানিকারকের ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে উৎপাদনের কাঁচামাল আমদানির জন্য ব্যবহার করা যাবে। ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় উৎপাদনকারী-সরবরাহকারী কাঁচামাল আমদানির জন্যও ঋণ সুবিধা পাবে। কোনো খেলাপি গ্রাহক বা প্রতিষ্ঠান এ তহবিলের ঋণ পাবে না। তহবিল থেকে ঋণ সুবিধা গ্রহণকারী কোনো গ্রাহক নির্ধারিত রপ্তানির বিপরীতে রপ্তানিমূল্য অপ্রত্যাশিত থাকলে সংশ্লিষ্ট রপ্তানিকারক এ তহবিলের আওতায় নতুনভাবে আর কোনো ঋণ সুবিধা পাবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত