১৯৪৬ সালে যাত্রা শুরু করেছিল বড় মিয়া রেস্তোরাঁ। তখনও ভারত স্বাধীন হয়নি। সাত দশক আগে থেকে মুম্বাইয়ের কোলাবা এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে রেস্তোরাঁটি। শুধু তা-ই নয়,এখনও মুম্বাইয়ে কেউ ঘুরতে গেলে এই রেস্তোরাঁর শিক কাবাব খাওয়ার সুযোগ হাতছাড়া করে না।
আর সেই রেস্তোরাঁর দরজায় তালা লাগিয়ে দিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। অভিযোগ, ৭০ বছর পার হয়ে গেলেও যথাযথ নথিপত্র নেই রেস্তোরাঁটির। এমনকি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও উদাসীন রেস্তোরাঁর মালিক থেকে কর্মীরা।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) বড় মিয়া রেস্তোরাঁয় হানা দেন এফডিএ কর্মকর্তারা। অভিযানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসএআই) কোনও লাইসেন্স নেই দেখতে পাননি তারা। পাশাপাশি রান্নাঘরের পরিস্থিতি দেখেও চোখ কপালে ওঠে তাদের। সেখানে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল ইঁদুর ও তেলাপোকা।
রেস্তোরাঁর এমন অবস্থা পর্যবেক্ষণ করে এর দরজায় তালা লাগিয়ে দেয় এফডিএ। এ প্রসঙ্গে রেস্তোরাঁর মালিককে প্রশ্ন করা হলে তিনি জানান, তার কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। শুধুমাত্র এফএসএসএআই’র লাইসেন্স পুনর্নবীকরণ করানো হয়নি। নির্দিষ্ট দপ্তরে লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: রাশিয়াকে অস্ত্র না দিতে উ. কোরিয়াকে সতর্ক করল জাপান
