এবার ঢামেকে ‘টেস্টটিউব বেবির’ জন্ম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ এএম

দেশে এই প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবির জন্ম হলো। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই সপ্তাহ আগে সফলভাবে এক টেস্টটিউব বেবি ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে পরিচালক বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে টেস্টটিউব বেবির জন্ম নিয়ে কাজ করছি। বেশ কিছু দম্পতি মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর মধ্যে এক দম্পতির টেস্টটিউব বেবি ভূমিষ্ঠ করতে সক্ষম হয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।’

পরিচালক জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মাধ্যমে বাংলাদেশে কোনো সরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব বেবির জন্মের খবর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। তিনি সময় দিলে সেদিন আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, দুই বছর ধরে এ হাসপাতালে টেস্টটিউব বেবির জন্মের ব্যাপারে চিকিৎসকরা কাজ করছেন। বর্তমানে বেশ কিছু দম্পতির ওপর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বন্ধ্যা নারীর মা হওয়ার আধুনিকতম পন্থা হচ্ছে ‘টেস্টটিউব বেবি’ নেওয়া। এ পন্থায় স্ত্রীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় আর স্বামীর শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। গবেষণাগারে সেই ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত করে

কৃত্রিমভাবে ভ্রুণ সৃষ্টি করা হয়। পরে সেই ভ্রুণ স্ত্রীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়। স্বাভাবিক ভ্রুণ যেভাবে গর্ভাশয়ে বেড়ে ওঠে, কৃত্রিম ভ্রুণও একইভাবে বেড়ে উঠতে থাকে। এভাবে ৯ মাস পর যে শিশুর জন্ম হয়, তাকে টেস্টটিউব বেবি বলা হয়।

চিকিৎসকরা জানান, ২০০১ সালে বাংলাদেশে প্রথম একটি বেসরকারি হাসপাতালে টেস্টটিউব বেবির জন্ম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত