বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ফখরুল বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক নতুন কর্মসূচি ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন?’ এটা শুনে আমরা অবাক হয়েছি। আওয়ামী লীগকে গত দুটি নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। দেশে এখন গোটা ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি এক দফা দিয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
আদিলুর রহমান খান ও এলানের সাজা প্রত্যাহারের দাবি করে ফখরুল বলেন, গুম-নির্যাতনের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায়, সোচ্চার থাকায় আদিলুর রহমান খানকে সাজা দেওয়া হয়েছে।
সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও ভয়াবহ উল্লেখ করে ফখরুল বলেন, দমবন্ধ পরিবেশ চলছে। এ থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
