ডিএসসিসির দুই ওয়ার্ড রেড জোনে, আরও ১২ মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ এএম

দেশে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯০ জন। এ ছাড়া এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১২৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত বাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করছে। ওই দুটি ওয়ার্ডে প্রতি সপ্তাহে ১০ জনের বেশি রোগী পাওয়ায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সংস্থার মুখপাত্র মো. আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৪৩ ও ঢাকার বাইরে ১ হাজার ২৮৬ জন। এ সময় ২ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকায় ও আটজন ঢাকার বাইরে মারা গেছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে ৭৯০ জনের মৃত্যু হয়েছে তাদের ৫৪৭ জন ঢাকায় এবং ২৪৩ জন ঢাকার বাইরে।

এতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৯৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭১ হাজার ৫০৩ এবং ঢাকার বাইরে ৯০ হাজার ৪৬১ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৬৬ হাজার ৯৪০ এবং ঢাকার বাইরে ৮৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডিএসসিসির দুই ওয়ার্ড রেড জোনে : ডিএসসিসি জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে চলতি মাসের দুই থেকে আট তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

ডিএসসিসি আরও জানায়, রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আজ সকাল ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করবেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির মুখপাত্র মো. আবু নাছের বলেন, আগামীকাল দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজনন স্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে। আর এ কার্যক্রমে ওয়ার্ড দুটিতে সাড়ে ৯৫০ পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকেলে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে।

প্রসঙ্গত, গত মাসে ডিএসসিসির ৫,২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। আর ২৬ আগস্ট মেয়র তাপসও সে সব ওয়ার্ডে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত