ভাওয়াল জাতীয় উদ্যানে ৪৫টি কচ্ছপ অবমুক্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ এএম

কুমিল্লার থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে গতকাল শুক্রবার বিকেলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করেছেন। এর আগে গত মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাসে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালানো হয়। পরে বাসে থাকা একটি ককশিটের কার্টনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়েছে। কচ্ছপগুলো একটি শিশুর হেফাজতে ছিল।

এগুলো তার মামার বলে জানিয়েছে ওই শিশু। কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লারহাটে নেওয়ার কথা ছিল। কচ্ছপ পাচারের খবর পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে সেগুলো জব্দ করা হয়। কচ্ছপবহনকারী ‘আন্ডার এজ’ বলে তাকে তার স্বজনদের কাছে নজরদারিতে রাখা হয়েছে। আর কচ্ছপগুলো শুক্রবার বিকেলে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এখানে চার জাতের কচ্ছপÑ সুন্দি কাছিম, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম কাসিম রয়েছে। সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, এগুলো বিলুপ্ত প্রায়। নোয়াখালী থেকে বাগেরহাটের মোল্লারহাট যাচ্ছিল। কচ্ছপগুলো ভারতে পাচার হচ্ছিল বলে জানা গেছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত