তিন সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ থাকা চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর খোঁজ মিলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেশটির অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ও যুদ্ধাস্ত্র কেনাকাটায় দুর্নীতি করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর এখন তিনি তদন্তকারীদের অধীনেই রয়েছেন। তবে কী ধরনের যুদ্ধাস্ত্র কেনাকাটায় লি দুর্নীতি করেছেন সে বিষয়ে জানতে পারেনি রয়টার্স। ওই ব্যক্তিরা রয়টার্সকে জানিয়েছেন, চীনের সামরিক বাহিনীর ‘সামরিক সরঞ্জাম ক্রয়ের’ যে ইউনিট আছে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সেই ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেছেন লি। আর সেই সময়ে সেখানে দুর্নীতির ঘটনা ঘটেছিল। ওই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লি-সহ আরও আটজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত করছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রভাবশালী ডিসিপ্লিনারি ইনসপেকশন কমিশন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার চীনের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানায়, লি-কে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
×
