টাঙ্গাইলে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পার্কবাজারের পাইকারি দোকানে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং একই বাজারে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম অভিযান চালিয়ে তিনটি দোকানে জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকারের প্রশাসনিক ব্যবস্থায় অর্থদন্ডপ্রাপ্ত দোকানগুলো হচ্ছে মেসার্স আলম ট্রেডার্স, আলী আজম ট্রেডার্স, মেসার্স বেল্লাল হোটেল ও একটি নামবিহীন ডিমের দোকান।
টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারিত করে দেওয়ার ঘোষণা এখনো মাঠ পর্যায়ে কার্যকর হয়নি। তবে ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। বাজার তদারকির ফলে বেশিরভাগ দোকানে পণ্যের মূল্যতালিকা ঝুলানো হয়েছে।
