ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নম্বর রাজৈ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তফা কামালকে গতকাল শনিবার দুপুরে বোর্ডবাজার মসজিদের সামনে থেকে ৫টি গাড়ি ভর্তি সন্ত্রাসীরা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল ফোনে ভালুকা মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। পুলিশ একটি হাইয়েস গাড়িসহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ১১ নম্বর রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আফাজ উদ্দিন মুন্সির ছেলে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তফা কামাল ও প্রতিবেশী জাপান প্রবাসী শামছুদ্দিনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মোস্তফা কামাল বাড়ি থেকে চান্দাব বোর্ড বাজার যাওয়ার পথে গতকাল দুপুরে জাপান প্রবাসী শামছুদ্দিনের ভাতিজা মেহেদী হাসান সাহাজের নেতৃত্বে ২০/২২ জনের সংঘবদ্ধ দল ৫টি সাদা-কালো রঙের হাইয়েস গাড়িযোগে চান্দাব বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মোস্তফাকে তুলে নিয়ে যায়। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত মোস্তফা কামালকে ২ ঘণ্টা পর ১৮ কিলোমিটার দূরে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেন। এ ঘটনায় অপহৃত মোস্তফা কামালের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
মোস্তফা কামালের স্ত্রী আকলিমা খাতুন বলেন, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল।
ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা জানান, আমার ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে তা খুবই লজ্জাজনক। অপহরণের মতো এসব ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, অপহরণ কাজে ব্যবহৃত একটি হাইয়েস গাড়িসহ পুলিশ মেহেদী হাসান সাহাজ (৪০) নামে একজনকে আটক করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান খান জানান, শ্রমিক লীগ সভাপতি মোস্তফা কামাল অপহরণের প্রতিবাদে আজ রবিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ অফিসে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
