ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশন নাটক করছে: জি এম কাদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশন নাটক করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখলেই বোঝা যায়, তাদের কোনো সফলতা নেই। রাজধানীর বাইরেও ডেঙ্গু নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। আক্রান্তদের জন্য পর্যাপ্ত স্যালাইন পাওয়া যাচ্ছে না। প্রভাবশালী একটি গোষ্ঠী জীবন রক্ষাকারী স্যালাইন কালোবাজারে নিয়ে কয়েকগুন মুনাফা করছে, সরকারের যেনো কিছুই করার নেই।

আজ বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক যোগদান সভায় জি এম কাদরে এসব কথা বলেন। সভায় তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ, আক্রান্ত রোগীদের সুচিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় জাপা চেয়ারম্যান বলেন, পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধান কাজ হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা-মাছি নিয়ন্ত্রণ। অথচ এখন দেশের শহরগুলো আফ্রিকার অনেক শহরের চেয়েও নোংরা। পৌরসভা ও সিটি কর্পোরেশনের কাজ এখন বড় বড় ভবন করা ও ঠিকাদারের সাথে কমিশন ম্যনেজমেন্ট করা। সিঙ্গাপুরের নাম করে মশা নিধনে একটি ভেজাল ওষুধ আমদানী করা হয়েছে। পরে সিঙ্গাপুর বলেছে, ওই ওষুধ সিঙ্গাপুরের নয় বা তারা ওই ওষুধ বাংলাদেশে দেয়নি। আসল কাজ থেকে পৌরসভা ও সিটি কর্পোরেশন অনেক দূরে চলে গেছে।

জি এম কাদের বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সাথে বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যা। গেলো তিন দিনে প্রতিদিন তিন হাজারের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বাসা-বাড়িতে কত সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তার কোনো হিসাব নেই।

জি এম কাদের বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে এটা স্বাভাভিক ঘটনা হতে পারে না। ডেঙ্গু বিষয়ে সাধারণ মানুষ অধিক শোকে পাথর হয়ে গেছে। তারা আর এই বিষয়ে কথা বলতে চায় না। হাসপাতালে জায়গা দেয়ার ক্ষমতা নেই।

এ সময় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, কোনো ষড়যন্ত্রে জাতীয় পার্টির ঐক্যে ফাঁটল ধরানো যাবে না। জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

অনুষ্ঠানে নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, বলাকা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. আব্দুর রহিম অপু, আনিছুর রহমানসহ শতাধিক ব্যবসায়ী ও সমাজ সেবক জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন। সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ও সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু রহমান খশরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত