বন্যা-বিপর্যস্ত লিবিয়ায় নতুন হুমকিতে জনগণ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ এএম

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যায় মারা গেছে কয়েক হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছে হাজারও মানুষ।

ঘূর্ণিঝড় ও বন্যার আঘাতে বিপর্যস্ত লিবিয়ায় এবার নতুন করে হুমকির মুখে বেঁচে যাওয়া জনগণ। ভয়াবহ পর্যায়ের পানি দূষণের কারণে হুমকির সম্মুখীন তারা। বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা দেরনা শহরে পানিবাহিত রোগের বিস্তারে সতর্কতা দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে বন্যার পানি পয়ঃনিষ্কাশনের পানির উৎসগুলোকে মারাত্মকভাবে দূষিত করে ফেলায় সেগুলো ব্যবহারের জন্য অনিরাপদ হয়ে উঠেছে এবং এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে সম্প্রদায়গুলো।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির মুখপাত্র জেসিকা মুসান বলেন, সাম্প্রতিক বন্যার কারণে পানির অবকাঠামোগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় অনুসারে, বন্যার পর থেকে গত ১০ দিনে পানি দূষণের কারণে কমপক্ষে ১৫০ জন অসুস্থ হয়ে পড়েছে, যার মধ্যে দেরনাতেই প্রায় ৫৫ জন শিশু রয়েছে।

এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানায়, “লিবিয়ার দেরনা এবং অন্যান্য বন্যাকবলিত এলাকার পরিস্থিতি ভয়াবহ। বিশুদ্ধ পানির অভাব এবং ভয়াবহ এই দূষণের কারণে আমরা ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।"

তবে লিবিয়ান রেড ক্রিসেন্ট এবং জাতিসংঘের সংস্থাগুলিসহ বেশ কয়েকটি স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠী বাসিন্দাদের সরিয়ে নেওয়া থেকে শুরু করে পানিবাহিত রোগ থেকে রক্ষা করতে নিরাপদ পানি, স্যানিটেশন এবং চিকিৎসা সহায়তা সরবরাহ করে যাচ্ছে।

তবে এ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত