রংপুরে শিক্ষার্থী বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ এএম

রংপুরে তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী নাইস আহমেদের (১৯) মরদেহ ১৬ দিন পর উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নাটোরের বাগাতিপাড়ায় তপন চৌধুরী (৩৫) নামে এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে পৃথক ঘটনাগুলো ঘটে।

রংপুরে শিক্ষার্থী নাইস আহমেদের অর্ধগলিত মরদেহ ডুবে যাওয়া স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকা থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়। নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বের হোসেনের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত। স্থানীয় আনোয়ারমারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নাইস।

গত ৬ সেপ্টেম্বর সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারসংলগ্ন তিস্তা নদীতে ছয় বন্ধু গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজন জীবিত উদ্ধার হলেও নাইসসহ দুজন নিখোঁজ হয়। ঘটনার ৩৪ ঘণ্টা পর শিক্ষার্থী মুন্না আহমেদের (১৮) লাশ উদ্ধার করা হয়।

এদিকে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার বিহাড়কোলের নীলচরা মাঠে আম বাগানের পাশে জমির আইল থেকে বাদাম বিক্রেতা তপন চৌধুরীর লাশ উদ্ধার হয়। তপন পাশের লালপুর উপজেলার চংধুপইল এলাকার মৃত খিতিস চন্দ্রের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত