অন্ধত্ব এড়াতে প্রতি বছর চোখের রেটিনা পরীক্ষা করুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ এএম

ডায়াবেটিক রোগীদের বছরে কমপক্ষে একবার চক্ষু চিকিৎসকের (বিএসএমএমইউ) মাধ্যমে চোখের রেটিনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, ডায়াবেটিস চোখের সব অংশের তুলনায় রেটিনায় বেশি ক্ষতি করে। দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে ভোগেন, তাদের দৃষ্টিশক্তি ক্রমেই কমতে থাকে ও একসময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ দেখা দেয়। এজন্য রেটিনা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে বিএসএমএমইউ উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের অনেক ক্ষতি হয়। তাই ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত চক্ষু পরীক্ষা করা উচিত।

গতকাল রবিবার বিশ্ব রেটিনা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের সপ্তমতলায় চক্ষুবিজ্ঞান বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ ভিট্রিওরেটিনা সোসাইটি যৌথভাবে এ সেমিনার এবং শোভাযাত্রার আয়োজন করে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অযতেœ বাড়ে চোখের ক্ষতি’। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আবদুল ওয়াদুদ, বাংলাদেশ ভিট্রিওরেটিনা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল বাশার শেখ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত