বাসাবাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরির পথ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ পিএম

বাসাবাড়িতে বসবাস মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের মৌলিক অধিকার। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার ঘরবাড়ি প্রয়োজন। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষ ঘরবাড়ি নির্মাণ করবে- এটাই স্বাভাবিক। ইসলাম এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি, কিন্তু ইসলাম সব মুসলিমের ঘরবাড়ির অভ্যন্তরে অভিন্ন পরিবেশ চেয়েছে। এ বিষয়ে বিশদ বিবরণ রয়েছে কোরআন-হাদিসে। আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা।’ -সুরা আন-নাহল : ৮০

যাপিত জীবনে আমরা হয়তো বাসাবাড়িতে থাকি কিংবা ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বাসাবাড়ি কেমন হওয়া উচিত? কী কী সুযোগ-সুবিধা থাকা উচিত? কেমন হলে বাসা কিংবা বাড়িটা প্রকাশ্য-অপ্রকাশ্য শত্রু থেকে নিরাপদ থাকবে। গৃহবাসীদের ওপর আল্লাহতায়ালার রহমত বর্ষিত হবে।

এক. ঘরের ছোট-বড় সবার মধ্যে সালামের অভ্যাস তৈরি করুন। স্বামী-স্ত্রী, ভাইবোন, মাতাপিতা, ছেলেমেয়ে একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই যেন সালাম দেওয়া হয়। ইরশাদ হয়েছে, ‘অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া।’ -সুরা নূর : ৬১

দুই. ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। সামান্য করে হলেও এটা চালু রাখুন। সংসারে শয়তানের প্ররোচনা দূর করতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই।

তিন. কিছু ইবাদত বাসায় করুন। যেমন নফল, সুন্নত ও তাসবিহাত বাসায় আদায় করা। আপনার দেখাদেখি অন্যরাও শিখবে, করবে। সর্বোপরি ঘরটা আমলদ্বারা সজীব থাকবে। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেছেন, তোমরা তোমাদের কিছু কিছু নামাজ তোমাদের ঘরে আদায় করবে, তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না।

চার. প্রতিটি কাজে সুন্নত মোতাবেক আদায় করুন। যেমন- খাবারের আগে-পরের দোয়া পাঠ সুন্নতসমূহ পালনের পাশাপাশি ঘুমানো, ঘুম থেকে ওঠা, বাথরুমে প্রবেশ ও বের হওয়ার, পোশাক পরিধান করার সুন্নত পালনসহ মেহমানদারির আদবসমূহ রক্ষা করা ইত্যাদি।

পাঁচ. ১০ মিনিটের জন্য হলেও মাঝে-মধ্যে পরিবারের সবাইকে নিয়ে দীনি বিষয়ে আলোচনা করুন। জানাশোনা বিষয়গুলোই একে অন্যের সঙ্গে শেয়ার করুন। অথবা নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে কিছু অংশ পড়ে তারপর এর ওপর আলোচনা করুন।

ইনশাআল্লাহ এই ছোট ছোট কাজগুলো বাসাবাড়িতে চালু করতে পারলে অন্য কাজগুলোও চালু করার তওফিক আল্লাহতায়ালা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত