প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় আব্দুল মালেক (৫০), মো. জামাল (৩৫), সোহাগ (৩৮), রাসেল (২৬), সাদ্দাম (৩০) ও আফসার হোসেনকে (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মনির হোসেনের (৪৮) অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শহরের থানারপুল চত্বর সংলগ্ন কৃষি ব্যাংকের সামনের সড়কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সমাবেশের আয়োজন করে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সার বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বেশ কয়েকটি ট্রলারযোগে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আসলে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন বলেন, ট্রলারে করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাহর লোকজন শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চঘাটের অদুরে বেড়িবাঁধে আসেন। সেখানে আমার ছোট ভাইয়ের পায়ে ধাক্কা লাগে জিন্নাহর লোকজনের। এরপর তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথিমধ্যে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা আমার বড় ভাই মনির হোসেনকে সামনে বেধড়ক মারধর করে।

গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহ বলেন, আমার লোকজনকে মারধর করা হয়েছে। তবে ঘটনার সময় আমি কিছুটা পেছনে ছিলাম। মূলত অনাকঙ্খিত ঘটনা।

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের লোকজন সরে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত