রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গাড়িচাপায় হৃদয় ওরফে বাদশা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মঙ্গলবার মারা যান বাদশা।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান, সোমবার দিবাগত রাতে কাজলা ফুটওভার ব্রিজের নিচে সিটি করপোরেশনের টোল আদায়কারীদের সাথে ও ট্রাক শ্রমিকদের একটি মারামারির ঘটনা ঘটে। সে সময় বাদশা নামে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনে চাপায় আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদশা টোল আদায়কারী গ্রুপের সদস্য।
সুরতহাল প্রতিবেদনে উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল উল্লেখ করেন, নিহত বাদশার বাবার নাম বলকেত মোল্লা। বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ছনটেক এলাকায় থাকতেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
