বগুড়ার ৩ উপজেলায় জরিপ

ধর্ষণ-যৌন হয়রানির শিকার ৩০ ভাগ প্রতিবন্ধী নারী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:২১ এএম

বগুড়ার তিন উপজেলায় প্রতিবন্ধী নারীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, তাদের প্রায় ৩০ শতাংশ ধর্ষণ, যৌন হয়রানিসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠী এবং সহকর্মীদের দ্বারা তারা এসব হয়রানির শিকার হন। উইমেন উইথ ডিজেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এ জরিপ পরিচালনা করে। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব তথ্য প্রকাশ করে।

সভায় ডব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি জানান, বগুড়া জেলার সদর, সোনাতলা ও কাহালু উপজেলায় প্রকল্পের মাধ্যমে নারী প্রতিবন্ধীদের অধিকার আদায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে ডব্লিউডিডিএফ। সংগঠনের আওতায় তিন উপজেলায় মোট নারী প্রতিবন্ধী রয়েছেন ১ হাজার ১৪৯ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩৮৯ জন, সোনাতলা উপজেলায় ৩৮৬ জন ও কাহালু উপজেলায় ৩৭৪ জন নারী প্রতিবন্ধী রয়েছে। তাদের মধ্যে নিরক্ষর রয়েছে ৪৯৩ জন এবং অধ্যয়নরত রয়েছে ৭৬ জন। এছাড়া ১ হাজার ৫৪ জনের মধ্যে জরিপ করে দেখা গেছে, তাদের মধ্যে ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক হয়রানি, আত্মীয়-স্বজনদের দ্বারা হয়রানি, শ^শুরবাড়ির নির্যাতন, বিদ্যালয়ে সহপাঠী, কর্মক্ষেত্রে সহকর্মীসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন ৩২০ জন, যা শতকরা ৩০ শতাংশ। এরমধ্যে ৩০০ জন একাধিকবার এবং ২০ জন একবার করে হয়রানির শিকার হয়েছেন। এই নির্যাতিত নারী প্রতিবন্ধীর মধ্যে ৫০ শতাংশই যৌন হয়রানির শিকার হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, ডব্লিউডিডিএফের প্রোগ্রাম সমন্বয়কারী হুমায়ুন কবীর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত