অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ফাঁসলেন রণবীর কাপুর, ইডির তলব

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৬ পিএম

আইনি জটে ফাঁসলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। অনলাইন গেমিং কাণ্ডে অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

বলিউড সূত্র বলছে, শুক্রবার ইডির অফিসে অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ দুর্নীতিতে অভিযুক্তর বিয়েতে উপস্থিত থাকার জন্যই বিপাকে পড়তে হয়েছে তারকাদের। ইডির ব়্যাডারে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকার পাহাড়। মুম্বাই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

শুধু তাই নয়, এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তারাই এবার ইডির নজরে। সেই তালিকায় রয়েছে সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ বহু তারকার নাম। ইডির পাঠানো এক লিস্টে আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরাত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। সৌরভ চন্দ্রকরের বিয়ের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেসব তারকার মুখ।

ইডি সূত্রে খবর, যেসব অভিনেতা, গায়করা আমন্ত্রিত ছিলেন তারা সকলেই মুম্বাইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল সৌরভের বিয়েতে। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়ল রণবীর কাপুরের নামও।

সর্বশেষ সর্বাধিক পঠিত