ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তেল আবিবকে দায়ী করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইসরায়েল একাই দায়ী। আজ শনিবার (০৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এতে আরও বলা হয়, কাতার উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েল যাতে এই ঘটনাগুলো ব্যবহার করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার কথাও বলে দেশটি।
এদিন সকালে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা। এসব রকেট ছোড়ার পরই ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
হামাসের আকস্মিক এই হামলায় অন্তত ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় হামাসের এই হামলা শুরু হয়। একইসঙ্গে হামাস ‘গুরুতর ভুল’ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
