আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০৫৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ হাজার ২৪০ জন। গতকাল রবিবার তালেবান কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার পশ্চিমের হেরাত শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা সায়িক বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জন নিহত, ৯ হাজার ২৪০ জন আহত এবং ১ হাজার ৩২৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হেরাতের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, ২০০ জনেরও বেশি মৃত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে কাতারে অবস্থিত তালেবানের মুখপাত্র সুহেল শাহীন ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে আছে উল্লেখ করে আলজাজিরাকে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাঁবু, চিকিৎসা এবং খাদ্যসামগ্রী প্রয়োজন। তিনি স্থানীয় ব্যবসায়ী এবং এনজিও সংস্থাগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় গভর্নর নূর আহমদ ইসলামজার একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, হেরাতে ভূমিকম্পের কারণে ১০টিরও বেশি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নাসিমা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ভূমিকম্পের কারণে হেরাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। তিনি ‘রাস্তায় আছেন’ বলেও উল্লেখ করেন। ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত হেরাতকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বিবেচনা করা হয়। এটি হেরাত প্রদেশের রাজধানী; ২০১৯ সালের বিশ^ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আনুমানিক জনসংখ্যা প্রায় ১৯ লাখ। গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে হাজারেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত