সিরাজগঞ্জ সদর উপজেলায় কথা-কাটাকাটির জেরে আলম শেখ (৫৫) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম ওই এলাকার মৃত জুড়ান শেখের ছেলে।
এদিকে আলম শেখ হত্যাকাণ্ডে সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি সিরাজগঞ্জ সদর থানায় হাজির হয়ে চিৎকার করে বলতে থাকে, ‘আমি মানুষ খুন করেছি। আমাকে আপনারা ধরেন।’ এলাকাবাসীর দাবি, সাইফুল মানসিকভাবে অসুস্থ ছিল।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে থানার ভেতর এসে সাইফুল ইসলাম নামে ওই যুবক চিৎকার করে বলতে থাকে, “আমি মানুষ খুন করেছি”। এরপর ডিউটিরত পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়।’
ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
