মেয়াদোত্তীর্ণ ইউপিতে প্রশাসক বসাতে পারবে সরকার

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৩১ এএম

পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক বসাতে পারবে সরকার। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, আইনে এমন বিধান যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পান। কিন্তু তারা যখন দায়িত্বে থাকেন না তখন ভাতা পাবেন কি না, আইনে তা স্পষ্টভাবে বলা ছিল না। আইন সংশোধন করে বলা হয়েছে, যখন তারা দায়িত্বে থাকবেন না, তখন ভাতা পাবেন না। এ ছাড়া এতদিন গেজেট জারির ৩০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যভার গ্রহণ করতে হতো। এখন থেকে শপথের পর ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে।’

সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিবে’র পদবি বদলে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মেয়াদ শেষের আগের ৩ মাসে সিটি করপোরেশন নির্বাচন : মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দিতে হবে। শপথ নেওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরের বার্ষিক ছুটি তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, এখন কোনো ওয়ার্ড কাউন্সিলরের পদ ফাঁকা হলে পাশের অন্য ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়। খসড়া আইন অনুযায়ী এ ক্ষেত্রে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে (তিনটি ওয়ার্ড মিলে একজন কাউন্সিলর) দায়িত্ব দেওয়া হবে। এ ছাড়া সিটি করপোরেশন সচিবের পদটি বদলে নির্বাহী কর্মকর্তা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে দেওয়া হয়েছে। ওয়াসার কাছ থেকে এ দায়িত্ব চুক্তি করে আগেই সিটি করপোরেশনকে দেওয়া হয়েছিল। এ ছাড়া সিটি করপোরেশনের মধ্যে ব্যক্তি মালিকানাধীন বা প্রাতিষ্ঠানিক মালিকানাধীন রাস্তা, পুকুর বা ডোবা থাকলে সেগুলো যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা না হয়, তাহলে নির্দেশ দেওয়া যাবে। নির্দেশনা না মানলে জরিমানা করা যাবে বিষয়টি আইনে যুক্ত করা হচ্ছে।’

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন : নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করেছে সরকার। সেই সঙ্গে এ ছুটি নারী শ্রমিকের ইচ্ছা অনুযায়ী তার সুবিধামতো সময়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এমন বিধান রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০২৩’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, আগে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পেতেন ১৬ সপ্তাহ। এটি তিনি মা হওয়ার আগে ও পরে মিলিয়ে পেতেন। এখন এটি পরিবর্তন করে মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হয়েছে। এর মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়ানো হয়েছে। সেই সঙ্গে এ ছুটি নারী শ্রমিক তার সুবিধামতো সময়ে নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত