‘শচিনের সেঞ্চুরির রেকর্ড ছোঁবেন কোহলি’

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:২১ এএম

এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত হারায় অস্ট্রেলিয়াকে। ম্যাচে বিরাট কোহলি আউট হন ৮৫ রান করে। দল জিতলেও ১৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ওয়ানডেতে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৪৭টি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন, কোহলি এই বিশ্বকাপেই শচিন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছোঁবেন বা তাকে ছাড়িয়ে যাবেন।

ওয়ানডেতে ৩০ সেঞ্চুরি করা পন্টিং বলেন, ‘আমি মনে করি অবশ্যই বিরাট এই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করবে। তিনটিও হতে পারে। ভারতের মাটিতে বড় রান করা সহজ। হয়তো এটি তার (বিরাটের) শেষ বিশ্বকাপ। যদি সে সেঞ্চুরি করতে পারে দারুণ হবে। আমরা সবাই জানি বিরাট রানের জন্য ক্ষুধার্ত। এমন সুযোগ আছে যে বিশ্বকাপ শেষে আমরা দেখব সে শচিনের সঙ্গেই (৪৯ সেঞ্চুরি) আছে বা তাকে ছাড়িয়ে গেছে।’

২০১৯ বিশ্বকাপে কোহলি দুটি সেঞ্চুরি করেছিলেন। তবে আগস্ট ২০১৯ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ওয়ানডেতে ১৫ ইনিংসে কোহলি সেঞ্চুরি করেন চারটি। পন্টিং আরও বলেন, ‘৪৯ ওয়ানডে সেঞ্চুরি দারুণ ব্যপার। এটা কোহলির প্রাপ্য, সে কঠোর পরিশ্রম করে।’

বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রান সংগ্রাহক দুটো রেকর্ডই এর আগে ছিল কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানের ইনিংসে দুটি রেকর্ডই নিজের করে নেন কোহলি। ২৮২ ওয়ানডেতে কোহলির রান ১৩ হাজার ১৬৮। সেঞ্চুরি ৪৭টি, ফিফটি ৬৭টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত