আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
গতকাল বৃহস্পতিবার নির্বাচনী এলাকার কুকরাহাট, জোনাকির মোড়, নবাবগঞ্জ, কাতলামারীসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মধ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বুবলী। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চান তিনি।
এ সময় সাধারণ ভোটারদের বুবলী বলেন, ‘আমার বাবা প্রয়াত ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেলে বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করব।’
বুবলীর সঙ্গে প্রচারে বিভিন্ন এলাকার গণমান্য ব্যক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনের নেতারা উপস্থিত ছিলেন।
