গহীন জঙ্গলে পথ হারিয়ে ৯৯৯-এ কল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে ঘুরতে আসা তিন ব্যাংক কর্মকর্তা গহীন জঙ্গলে পথ হারিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করেন।

সীতাকুন্ড উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে বেড়াতে আসেন নোয়াখালী থেকে তিন ব্যাংক কর্মকর্তা। তারা ইকো পার্কের সুপ্ত ধারা ঝর্নায় গেলে সেখান থেকে ফেরার পথে পথ হারিয়ে ফেলেন। পরে দুপুর একটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে সেখান থেকে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম দুলালের নেতৃত্বে একটি টিম বিকাল তিনটার দিকে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম, মোহাম্মদ জামাল উদ্দিন, সঞ্জয় বনিক ও মোহাম্মদ আলাউদ্দিন। তারা তিনজনেই নোয়াখালী সদরের সোনালী ব্যাংকের কর্মকর্তা।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল বলেন, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে বেড়াতে আসা তিন পর্যটক পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যান। খবর পেয়ে তাদেরকে আমরা সুস্থভাবে উদ্ধার করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত