নরসিংদী ছাত্রদল সভাপতি ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার।

নাহিদের পারিবার জানায়, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখায়। এর আগে ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাহিদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ৯ মাস গুম থাকার পর অস্ত্র উদ্ধার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, ‘জোড়া হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত